সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মদ কাপড় ওষুধ জব্দ

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকদ্রব্যসহ প্রায় ১১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে, জেলার পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, তলুইগাছা, কালিয়ানী, মাদরা ও হিজলদি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা- ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা থেকে ৫ বোতল, কাকডাঙ্গা থেকে ৩২ বোতল ও কলারোয়ার সীমান্ত এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবির একটি টিম। এছাড়া পৃথক অভিযানে পদ্মশাখরার দাসপাড়া থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, ভোমরার লক্ষীদাড়ী থেকে ৮৭ হাজার টাকা মূল্যের কম্বল ও কাপড়, কলারোয়ার কালিয়ানী থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ,তলুইগাছা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস এবং চান্দুরিয়া থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কাকডাঙ্গার ভাদিয়ালি থেকে ২লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কলারোয়া চান্দা এলাকা থেকে ১ লাখ ৪০ টাকা,মূল্যের ভারতীয় ওষুধ এবং কলারোয়ার গোপীনাথপুর থেকে ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামালের মূল্য ১০ লাখ ৭১ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোরে জমা হয়েছে।