সাতক্ষীরায় বজ্রপাতে দুইজন নিহত, আহত ৩

0

লোকসমাজ ডেস্ক॥ সাতক্ষীরায় আজ রবিবার বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিহত দুজন হলেন, সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের ফারুখ হোসেন (৪০) ও দেবহাটা উপজেলার আব্দুল লতিফ (৪৫)।
সাতক্ষীরা সদর থানা ও দেবহাটা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির জানান, আজ সকাল ৮টার দিকে ঘেরে মাটি কাটার সময় বজ্রপাতে ফারুখ হোসেন নিহত ও তিনজন আহতের ঘটনা ঘটেছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, খেজুরডাঙ্গা গ্রামের ইরশাদ আলী (৩৫), মহিদুল মজিদ(৪০), জাহাঙ্গীর হোসেন (৫০) ও ইস্কেভটর চালক ঢাকার বাসিন্দা হুমায়ুন কবির।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, আব্দুল লতিফ বাড়ির পাশে পাতনার বিলে মৎস্যঘেরে পাহারা দিতে যান। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে মারা যান।
সদর হাসপাতালে চিকিৎসাধীন মজিদ জানান, খেজুরডাঙ্গা বিলে আমাদের মাছের ঘেরে ইস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় আমরা পাশে দাঁড়িয়েছিলাম। এসময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। আমরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ফারুক মারা যান। এছাড়া আমরা চারজন আহত হই।
লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, মাছের ঘেরে মাটি কাটার সময়ে বজ্রপাতে ফারুখ নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুকের মরদেহ তার খেজুরডাঙ্গাস্থ বাড়িতে রাখা হয়েছে।