সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবিতে এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান, কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আব্দুস সোবহান মোড়লের ছেলে ব্যবসায়ী আব্দুল খালেক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত কলারোয়া উপজেলার রায়টা মৌজার ১০৩২ খতিয়ানের ৪২০৬ দাগের দশমিক ৪৯০০ একর জমির মধ্যে দশমিক ১২২৫ একর জমি প্রায় ২৬ বছর ধরে আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছি।

এ অবস্থায় ২০২২ সালের ৩০ মার্চ স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ও আলী আহমেদের নেতৃত্বে আমার চাচা মৃত ফজলে মোড়লের দুই ছেলে জিয়ারুল (৪০) ও আবু দাউদ (৬০) এবং জিয়ারুলের স্ত্রী পারুলসহ অন্যান্যরা আমার ভাগের অংশের জমিতে জোর করে বিল্ডিং ও টয়লেট নির্মাণ করে এবং যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়।

এ ঘটনায় কলারোয়া থানায় অভিযোগ দিলে পুলিশ নির্মাণকাজ বন্ধ করে দেয়। কিন্তু পরবর্তীতে কলারোয়া থানার এসআই ফরিদ আহমেদ জুয়েল ও এসআই হাসানুজ্জামানের সহযোগিতায় পারুল খাতুনকে বাদী করে দায়ের করা একটি নন জিয়ার মামলায় আমাকে কারাগারে প্রেরণের পর তারা ওই নির্মাণের কাজ সম্পন্ন করে।

আব্দুল খালেক অভিযোগ করে বলেন, চাচাত ভাইরা আমার পিতার পৈত্রিক সম্পত্তি দখল করে পতিত আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী দিয়ে গায়ের জোরে তার ওপর বিল্ডিং নির্মাণ করে আমাদেরকে পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে। একই সাথে পুলিশ টাকার বিনিময় তাদের পক্ষ নিয়ে আমাদেরকে ন্যায় বিচার পেতে অসহযোগিতা করেছে। এ ঘটনায় সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর একটি লিখিত দরখাস্ত জমা দেওয়া হয়েছে।

তিনি ওই দখলের সাথে জড়িত আওয়ামী দোসর ও পুলিশের কতিপয় অসাধু ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত যাতে তার পৈত্রিক সম্পতির দখল ফিরে পান তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।