সাতক্ষীরায় জাল দলিলে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। বৃস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের মাদকাটি গ্রামের মো. গোলাম রব্বানীর মেয়ে সালমা বেগম।
লিখিত অভিযোগে তিনি বলেন, কালিগঞ্জ উপজেলার তেলেখালী মৌজায় সি এস ১৪২ এস এ ৫২৭, বিআরএস ৩৮৯,৭২৫,৭৯৬ ও ১৪৮০ খতিয়ান এস এ ৬৪৭, বিআরএস৩১৬৫ দাগের ৬.৩০ একর জমি ২০২২ সালে ক্রয় করি। পরে সম্পত্তি নিয়ে কালিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে ৩৪৪/২০২২ নং মোকদ্দমায় ডিক্রি প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু সাতহালীয়া গ্রামের মৃত এ কে এম শওকত আলীর ছেলে মোফাখখারুজ্জামান, মৃত সোলায়মান গাজীর ছেলে আব্দুল ওহাব, সামছুন্নাহার, ওবায়দুর রহমানের স্ত্রী আফিফা সুলতানা, সামিহা সিদ্দিকি, কাজী অজিয়ার রহমানের ছেলে কাজী অহিদুল ইসলাম, মৃত কোরবান আলীর ছেলে সিরাজুল ইসলাম, কোরবান আলীর ছেলে ফেরদৌস হোসেন ও খায়রুল বাশারের ছেলে ইকবাল হোসেন জালিয়াতির মাধ্যমে জাল বায়নামা এবং জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে। এর জের ধরে বিভিন্ন সময়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি দিয়ে ভীতি প্রদর্শন করে যাচ্ছেন।