সাংবাদিক হত্যার বিচার ও ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার॥ সাগর-রুনি দম্পতিসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোর এ মানববন্ধনের আয়োজন করে।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক নেতা সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল্লাহ হুসাইন ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি, যা গণমাধ্যমের জন্য এক কলঙ্কজনক দৃষ্টান্ত। তারা অবিলম্বে এ হত্যাসহ সব সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান।

এছাড়া বক্তারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত পুনর্বহালের আহ্বান জানান।