সহযোগিতায় ইকো-ইউএসএ: যশোরে ৫৫ জন শিক্ষর্থীর মধ্যে বৃত্তির ৬ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির ৬ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইকো-ইউএসএ এর সহযোগিতায় আমান-নামে একটি বেসরকারি সংস্থা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই চেক বিতরণ করে। এরা সবাই সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গির, বণিক বার্তার যশোর প্রতিনিধি আবদুল কাদের ও আমান-বাংলাদেশের কর্মকর্তা হাসিব চৌধুরী। চেক পাওয়ার পর অনুভুতি জানাতে গিয়ে কেঁদে ফেলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থী রাজু আহমেদ। তিনি বলেন, আমার বাবা ভ্যান চালিয়ে আমাদের তিন ভাই-বোনকে লেখাপড়া করাচ্ছেন। এজন্য আমাদের শেষ সম্বল ১০ কাঠা জমি বন্ধক রেখেছেন তিনি। এখন আর বয়সের কারণে ভ্যান চালাতে পারছেন না। ইকোর এই অর্থ আমার জন্য আর্শীবাদ হয়েছে। এই টাকা দিয়ে আমি বইসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারব। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুর রগমান জানান, আমার পিতা একজন কৃষক। কৃষিকাজ করে আমাদের সংসার চলে। আমি ও আমার ছোট বোন টিউশনি করে নিজেদের লেখাপড়ার খরচ জোগায়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন বলেন, ইকো-ইউএসএ এর সহযোগিতা প্রশংসার দাবি রাখে। আমি আশা করব শিক্ষার্থীরা এই সহযোগিতাকে কাজে লাগাবেন। ভালোভাবে লেখাপড়া শেষে আগামীতে দেশকে নেতৃত্ব দিতে হবে। কাজ করতে হবে দেশ, মাটি ও মানুষের জন্য।