সম্পত্তির বিরোধে বাবার লাশ ৩৬ ঘণ্টা ফ্রিজারে, দাফনে সন্তানদের বাধা

0
সন্তানদের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে লাশবাহী এই ফ্রিজারে ৩৬ ঘণ্টা আটকে ছিল মো. সেকান্দার (৭০) নামের এক ব্যক্তির লাশ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে সন্তানদের বিরোধের জেরে দাফন করা যায়নি বাবার মরদেহ। দীর্ঘ ৩৬ ঘণ্টা লাশবাহী ফ্রিজারে আটকে থাকার পর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে দাফন করা হয়েছে ৭০ বছর বয়সী মো. সেকান্দারকে। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ফটিকা এলাকায় চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।

নিহত সেকান্দার উপজেলার পূর্বমেখল এলাকার বাসিন্দা। তিনি দুই সংসারে মোট আট সন্তান রেখে গেছেন। গতকাল শনিবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। কিন্তু প্রথম পক্ষের সন্তানরা অভিযোগ করেন, তাদের পিতা সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নামে লিখে দিয়েছেন। এর সুরাহা না হওয়া পর্যন্ত তারা লাশ দাফনে বাধা প্রদান করেন।

শনিবার সকাল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত মরদেহটি ফ্রিজার গাড়িতে পড়ে থাকে। প্রথম পক্ষের মেয়ে আয়েশা আক্তার বলেন, “বাবা আমাদের বঞ্চিত করে সব সম্পত্তি দ্বিতীয় পক্ষকে দিয়ে গেছেন। আমাদের দাবি না মানা পর্যন্ত এই জটিলতা ছিল।” অন্যদিকে দ্বিতীয় পক্ষের সন্তান ইমতিয়াজ বলেন, “আমরা বারবার বলেছি আগে বাবার দাফন হোক, পরে সমাধান হবে।”

পরিস্থিতি জটিল হওয়ায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে বুঝিয়ে দাফনের ব্যবস্থা করেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ার পর আজ রোববার সন্ধ্যায় দীর্ঘ ৩৬ ঘণ্টা পর জানাজা ও দাফন সম্পন্ন হয়।