সমকামিতার বিরুদ্ধে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার || ট্রান্সজেন্ডারবাদ ও সমকামিতার বিরুদ্ধে যশোরে মানববন্ধন হয়েছে। শুক্রবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে ‘‘সমকামিতার স্বীকৃতি, অধিকার নয় বিকৃতি। ব্যক্তির জন্য অধিকার, বিকৃতির জন্য প্রতিকার।’’ এই প্রতিপাদ্যকে সামনে রাখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেন যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, সরকারি সিটি কলেজ যশোর, এম. এম. কলেজ, যশোর পলিটেকনিক কলেজসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার নামক একটা বিকৃত মতবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রদায়িক চেতনাধারী স্বার্থান্বেষী পশ্চিমা বিশ্বের পদলেহনকারীরা এদেশের গণমানুষের চাহিদাকে অগ্রাহ্য করে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের হাজারবর্ষী সভ্যতার বিপরীতে ভিনদেশি অপসংস্কৃতি চাপিয়ে দিতেই এলজিবিটিকিউ এবং জেন্ডার আইডিওলজি জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে। এর মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ অস্থিতিশীল হয়ে ওঠবে। এর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পারিবারিক ব্যবস্থা একদম ভেঙে চুরমার হয়ে যাবে।

মানববন্ধন থেকে এবারের জাতীয় পাঠ্যপুস্তকে ইসলামী মূল্যবোধকে আঘাত করে এমন কোনো ভিনদেশি মতাদর্শ প্রচার করা থেকে বিরত থাকার কথা বলা হয়। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সংকট নিরসনে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। সেগুলো হলো, জাতীয় পাঠ্যপুস্তক সংস্কার কমিটিতে মানবতার জন্য হুমকি ট্রান্সজেন্ডার মতবাদের ধারকবাহকদের বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদদের সম্পৃক্ত করতে হবে। দেশের অভিভাবকবৃন্দকে ভবিষ্যৎ প্রজন্মের সভ্যতা ও সংস্কৃতির ব্যাপারে সচেতন হতে হবে। পাঠ্যপুস্তকে এমন কোনো ভিনদেশি মতাদর্শ প্রচার করা যাবে না, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি ও ঈমানী মূল্যবোধকে আঘাত করে। এলজিবিটিকিউ এবং জেন্ডার আইডিওলজিসহ ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কনটেন্ট মুসলিম অধ্যুষিত বাংলাদেশের পাঠ্যপুস্তকে রাখা যাবে না। গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে আগামী বছরের জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের ধর্মীয় অনূুভূতির প্রতিফলন থাকতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দড়াটানা মাদরাসার মুহাদ্দিস মুফতি আমানুল্লাহ কাসেমী, যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর ফিরোজ আহমেদ. তানযিমুল কুরআন মাদরাসার শিক্ষক মুফতি সাইফুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা, এম. এম. কলেজের শিক্ষার্থী মো: শাহরিয়ার, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী, মো: জারির হোসেন এবং যশোর মেডিকেল কলেজ শিক্ষার্থী মো: তাহসিনসহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ।