সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও ৮টায় শপিংমল বন্ধের নির্দেশ

0
আগের সিদ্ধান্ত বদলে শপিংমল খোলা রাখার সময় এক ঘণ্টা কমাল বিদ্যুৎ বিভাগ, অব্যাহতির তালিকায় হাসপাতাল ও ওষুধের দোকান।। ছবি: সংগৃহীত
দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার সময় এক ঘণ্টা কমিয়ে এনেছে সরকার। এখন থেকে রাত আটটার মধ্যে দেশের সব শপিংমল ও মার্কেট বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা সাতটার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এসংক্রান্ত একটি অফিসিয়াল নির্দেশনা জারি করা হয়।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা এই নির্দেশনায় বলা হয়েছে, ১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। বর্তমান নির্দেশনায় সময়ের পরিধি এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

নতুন এই সিদ্ধান্ত শুধু শপিংমল বা বিপণীবিতানের ক্ষেত্রে নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। এসব মেলা ও অনুষ্ঠানও রাত আটটার মধ্যে পুরোপুরি শেষ করতে হবে।

তবে সাধারণ মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে এই নতুন সময়সীমার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।