সদর হাসপাতাল থেকে গুলি-চাকুসহ আটক- ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর হাসপাতাল চত্তর থেকে চাকু-গুলিসহ রাসেল মুন্সি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল পুলিশ। আটক রাসেল মুন্সি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত সবুর মুন্সির ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্তর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শপিং ব্যাগ হাতে হাসপাতালের তৃতীয় তলার বিভিন্ন করিডোরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে থাকেন রাসেল মুন্সি (৪০)। তার চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ্য করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের পুলিশ বক্সে নিয়ে আসেন।

এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, একটি ধারালো চাকু, দুটি স্টিলের হুক এবং তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল জানান, তিনি কেন এসব সরঞ্জাম নিয়ে হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করছিলেন, তার উদ্দেশ্য কী ছিল, কোনো নাশকতা বা অপরাধমূলক পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত কিনা-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।