শ্যামনগরে গ্রামবাসীর অভিযোগে বন্ধ হল বালি উত্তোলন

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা শ্যামনগরের হাবিবপুর শিয়া মসজিদ সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের সাব স্টেশন নির্মাণে পাশের রামচন্দ্রপুর এলাকার জনবসতিপূর্ণ ও মিষ্টি পানির খাল থেকে বালি উত্তোলন করার সময় গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের হস্তক্ষেপে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করা হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুস সামাদ বলেন, রামচন্দ্রপুর সরকারি খালের দুপাশে স্থানীয়দের বসবাস। এছাড়া এ খালের পানি দিয়ে ওই এলাকার কৃষি জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়। বালি উত্তোলন করলে খালের পাড় ভেঙে বসতবাড়ির ও পরিবেশের ক্ষতির সম্ভাবনা থাকবে।
খালপাড়ের বসবাসকারী আকলিমা খাতুন ও নুরুন্নাহার বেগম বলেন, আমরা দীর্ঘদিন ধরে খালের দুপাড়ে বসবাস করছি। জনবসতিপূর্ণ এলাকায় খাল থেকে বালি উত্তোলন করলে আমাদের ঘরবাড়ি ধসে পড়বে।
ওই এলাকার কলেজ শিক্ষক রোকনুজ্জামান বলেন, রামচন্দ্রপুর খালের দুপাশে অনেক মানুষের বসবাস। এখান থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করলে খালের দুই পাড় ভেঙে পড়বে। নুরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, আমি এসিল্যান্ড স্যারের নির্দেশে বালি উত্তোলন করা বন্ধ করে দিয়েছি।
সংশ্লিষ্ট ঠিকাদার তুহিন হোসেন বলেন, আমি আর ওখান থেকে বালি উত্তোলন করবো না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জনবসতিপূর্ণ এলাকা থেকে পরিবেশ নষ্ট করে কাউকে বালি উত্তোলন করতে দেওয়া হবে না।