শৈলকুপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি

0
ছবি: সংগৃহীত।

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ)॥ ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সার সংগ্রহের জন্য তারা গাড়াগঞ্জ পুরাতন বাজারে অবস্থিত বিসিআইসি ডিলার প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজে গেলে ডিলারের পক্ষ থেকে সেদিন সার দেওয়া হবে না বলে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।

অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।

গাড়াগঞ্জ এলাকার কৃষক আব্দুল হালিম জানান, সকালে সার নিতে এসে তারা জানতে পারেন যে ওই দিন সার বিতরণ করা হবে না। এ খবর ছড়িয়ে পড়লে কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা সড়ক অবরোধে নামেন।

খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সার সরবরাহের ব্যবস্থা করেন। পরে সার বিতরণ শুরু হলে কৃষকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, “অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সমস্যা সমাধান হয়েছে এবং কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু করা হয়েছে।”