শৈলকুপায় বাস-স্যালো ইঞ্জিনচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও স্যালো ইঞ্জিনচালিত খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে বাসটি শৈলকুপা উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি  স্যালো ইঞ্জিনচালিত খড়িবোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলের বিঘ্ন ঘটে। পরে খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।