শৈলকুপায় প্রতিবন্ধী কৃষকের শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধী এক কৃষকের শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে উপজেলার গোকুলনগর উত্তরপাড়ায়।

ভুক্তভোগী কৃষক আলমগীর হোসেন জানান, দুই মাস আগে এক বিঘা জমিতে শতাধিক লাউ গাছ লাগান তিনি। এক মাস পর থেকেই গাছে লাউ ধরা শুরু করে। গাছ ভর্তি ছিল কয়েক হাজার লাউ। গত তিন সপ্তাহে প্রায় ৬০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন তিনি। সামনে আরও লাভের স্বপ্ন দেখছিলেন। কিন্তু শত্রুতা করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে সব গাছ গোড়া থেকে কেটে দিয়েছে।

অশ্রুসিক্ত কণ্ঠে আলমগীর বলেন, ‘আমার একটি হাত অচল। সংসার চালাবো কি দিয়ে? শত্রুতা করে কে বা কারা আমার সব শেষ করে দিলো। আমি সঠিক বিচার চাই।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শৈলকুপা থানার তমালতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা। ক্যাম্পের এএসআই শামিনুর রহমান জানান, ‘ভুক্তভোগী ও প্রতিবেশী কৃষকদের সঙ্গে কথা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে।’