শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার সকালে উপজেলার বুড়ামারা -শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রোববার সকালে উভয়পক্ষের লোকজন ঢাল -সড়কি -রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দিটুল গাজী, মামুন, আজিজুল, আবুল হোসেন, নবাব বিশ্বাস, মোহাম্মদ ফয়জুল্লাহসহ দুপক্ষের ১৫ জন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ -সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জাহিদ নামে সাবাসপুর গ্রামের এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে গ্রামটিতে নায়েব আলীর সাথে সাবেক চেয়ারম্যান সমর্থকদের সামাজিক দল নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। এছাড়াও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।