শৈলকুপায় ইউজিপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নে ইউজিপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১৪ এপ্রিল থেকে অতিদরিদ্র মানুষদের জীবনমান উন্নয়নে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও অধিকাংশ ইউনিয়নে এখনও শুরু হয়নি। এদিকে গত ২ মে ফুলহরি ইউনিয়নের চারটি স্থানে কাজ শুরু হয়েছে। প্রতিদিন ৪শ টাকা হাজিরায় সপ্তাহে ৫ দিন কাজ করার কথা রয়েছে ১৫৬ জন শ্রমিকের। কিন্তু কাজ করছেন মাত্র ৫০/৬০ জন শ্রমিক। এদিকে কর্মসৃজনের এই টাকা শ্রমিকের মোবাইল ফোনের হিসাবে চলে যাওয়ার কথা থাকলেও অধিকাংশ শ্রমিকের সিম কার্ড এখন ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেনের কাছে রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। ফুলহরি ইউনিয়নের গোবিন্দপুর, ফুলহরি সুব্রত শাহার বাড়ির পাশে, ভগবান নগরসহ ৪টি স্থানে কাজ করছেন শ্রমিকরা। তিনটি স্থানে গিয়ে দেখা যায়, কোথাও ২২ জন, কোথাও ২৫ আর কোথাও ২০ জন শ্রমিক কাজ করছেন।
শৈলকুপা পিআইও অফিসের মাধ্যমে জানা যায়, ইউজিপি প্রকল্পে ফুলহরি ইউনিয়নে প্রতিদিন ৪শ টাকা দরে ১৫৬ জন শ্রমিকের ৪০ দিন কাজ করার কথা। যা গত ১৪ই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু অজানা কারণে ১৫ দিন পর এই ইউনিয়নে কাজ শুরু হয়েছে। ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, ‘সবাই যেভাবে কাজ করছে, আমিও তাই করছি। পিআইও অফিস যদি কিছু না বলে, না ধরে তবে আপনাদের নিউজে তো যায় আসে না। তিনি বলেন, শৈলকুপার সব ইউপি চেয়ারম্যান বসে যাতে নিউজ না হয় সেই ব্যবস্থা করছি।’
এদিকে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, কাজ তো আগেই শুরু হওয়ার কথা। যদি না হয় তবে কাজের বিল পাবে না। তিনি বলেন, কিছু এলাকা আমি পরিদর্শন করেছি। কোনও অনিয়ম পেয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।