শুধু প্রথম আলো-ডেইলি স্টার নয়, আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে: মির্জা ফখরুল

0
প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতি কেবল প্রথম আলো বা ডেইলি স্টারের ওপর হামলা নয়, বরং এটি দেশের গণতন্ত্রের ওপর চরম আঘাত। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ যে অধিকার ফিরে পেয়েছিল, আজ সেই অধিকার ও স্বাধীনভাবে কথা বলার ওপর হামলা হচ্ছে।”

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’ ও মালিকদের সংগঠন ‘নোয়াব’ এই সভার আয়োজন করে।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও সভায় উপস্থিত হয়ে ৭৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ আবেগঘন কণ্ঠে বলেন, “সারা জীবন সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য। কিন্তু আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনো দিন দেখিনি।” তিনি রাজনৈতিক পরিচয় ভুলে সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষ দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই রাতেই ডেইলি স্টার কার্যালয়ে সংহতি জানাতে গিয়ে হেনস্তার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর। এ সব ঘটনার প্রতিবাদে আজকের সভায় বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। সভা শেষে সোনারগাঁও হোটেলের পাশের রাস্তায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।