শীতকালীন ক্রীড়ার যশোর সদর উপজেলা পর্যায় সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার যশোর সদর উপজেলা পর্যায় সম্পন্ন হয়েছে। শনিবার সমাপনী দিনে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আশিক আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফ উদ্দিন, তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, প্রতিযোগিতার সহসম্পাদক সঞ্জয় কুমার সিকদার প্রমুখ।

এ প্রতিযোগিতায় ক্রিকেট বালকে চ্যাম্পিয়ন হয়েছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রানারআপ হয়েছে সম্মিলনী ইনসটিটিউশন। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এম, এস, টি, পি গালর্স স্কুল এন্ড কলেজ, রানারআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়। ভলিবল বালকে শীর্ষস্থান অর্জন করেছে মুন্সি মেহেরুল্লাহ একাডেমি, রানারআপ হয়েছে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যশোর আদর্শ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়, রানারআপ নিউটাউন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

হকিতে বালক বিভাগে যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে মুসলিম একাডেমি। বালক বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে মুসলিম একাডেমি, রানারআপ হয়েছে যশোর জিলা স্কুল।

ব্যাডমিন্টন বালক দ্বৈত বিভাগে যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন, রানারআপ হয়েছে ফুলবাড়ী সিদ্দিন আউলিয়া মাধ্যমিক বিদ্যালয়। বালিকা দ্বৈত বিভাগে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমি।

ব্যাডমিন্টন বালক এককে যশোর জিলা স্কুল, বালিকা এককে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। টেবিল টেনিস দ্বৈত বিভাগে যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজ, বালিকা বিভাগে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। একই ইভেন্টে বালিকা এককে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বালকে যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার শুরু হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। উপজেলা পর্যায়ের দলীয় খেলার চ্যাম্পিয়ন ও একক ইভেন্টের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে জেলা পর্যায়ের প্রতিযোগিতায়।