শিবসা নদী থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ শিকারী আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনের শিবসা নদীতে অভিযান পরিচালনা করে ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ জন শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটক হরিণ শিকারীরা হলেন ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মো. মামুন (৩৫)। এরা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪ টায় সুন্দরবনের শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০টি ফাঁদসহ পাঁচজন শিকারীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। পরে বন বিভাগ এদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেন।