শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির ২৪ ঘণ্টার আলটিমেটাম, দাবি মানার ইঙ্গিত নেই মোদি সরকারের

0
নিট প্রশ্ন ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির ২৪ ঘণ্টার আলটিমেটাম: অনড় কেন্দ্র, কাটছে না সংসদীয় অচলাবস্থা ।। ছবি: সংগৃহীত
মেডিক্যালে ভর্তির নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতে সৃষ্ট নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক অচলাবস্থা আরও জোরালো রূপ নিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের অবস্থানে সম্পূর্ণ অনড় রয়েছে।
শুক্রবার দলটি কেন্দ্র সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দিয়ে স্পষ্ট জানিয়েছে, এই সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ না করলে কিংবা তাঁকে অপসারণ করা না হলে তারা পুনরায় ‘চলো সংসদ’ শীর্ষক পদযাত্রা কর্মসূচি শুরু করবে।

তবে আন্দোলনকারীদের এই আলটিমেটামের মুখেও ভারতের সরকারি উচ্চপর্যায় থেকে দাবি মেনে নেওয়ার কোনো লক্ষণ এখনপর্যন্ত দেখা যাচ্ছে না।

শুক্রবার দিল্লির ‘কনস্টিটিউশন ক্লাবে’ কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং সিজেপির প্রতিনিধি মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে মন্ত্রীরা পদত্যাগের দাবির বিপরীতে সরকারের প্রতিক্রিয়া জানাতে সিজেপির কাছে ২৪ ঘণ্টা সময় চান।
একই সঙ্গে সরকারের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার অনুরোধ করা হলেও সিজেপি তাদের ২৪ ঘণ্টার বেঁধে দেওয়া আলটিমেটামে অটল থাকে।

মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রীদের বৈঠকের সাথে সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, আন্দোলনকারী কোনো গোষ্ঠীর চাপে পড়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে—এমন কোনো বার্তা কেন্দ্র থেকে দেওয়া হবে না।

আজ পদত্যাগের দাবি মেনে নিলে পরবর্তীতে অন্যান্য আন্দোলনকারীরাও যেকোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করতে পারে, যার কোনো শেষ থাকবে না। এদিকে নিট পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে (এনটিএ) ব্যাপক পরিবর্তন আনার অংশ হিসেবে শুক্রবার একযোগে ৪৭ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত ও বরখাস্ত করেছে ভারত সরকার।

এর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে ও তাদের দাবিবিবেচনায় সরকার নীতিগত কিছু শিথিলতা দেখানোর আশ্বাস দিয়েছে।

মন্ত্রীরা সিজেপি প্রতিনিধিদের জানিয়েছেন, আন্দোলনকারী পরীক্ষার্থী বা বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের আইনি বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে নিট কেলেঙ্কারির কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যে সকল শিক্ষার্থী আত্মাহুতি দিয়েছে, তাদের পরিবারের ক্ষতিপূরণের উপায় জেলা ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে খতিয়ে দেখতে সরকার রাজি হয়েছে। তবে এ বিষয়ে ১ কোটি রুপি ক্ষতিপূরণের মতো কোনো আগাম বা ভুল নজির তৈরি না করার অনুরোধ জানিয়েছে কেন্দ্র।

শিক্ষার্থীদের লাগাতার বিক্ষোভ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সংসদ অচল করে রাখায় ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়েছে।

অধিবেশনের প্রথম সপ্তাহ প্রায় পুরোপুরি অচল থাকার পর সরকার পরিস্থিতি সামলাতে ‘পাবলিক এক্সামিনেশনস (অন্যায় পদ্ধতি প্রতিরোধ) আইন, ২০২৪’ সংশোধনের অনুমোদন দিয়েছে। এই বিলে প্রশ্ন ফাঁসের অপরাধে সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানা এবং মামলা দ্রুত নিষ্পত্তিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব রাখা হয়েছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মতিক্রমে লোকসভার কার্যসূচির শুরুতে সরাসরি পেশ করার সিদ্ধান্ত রয়েছে।