শাহীন চাকলাদারের হোটেল পোড়ানো মামলায় আ.লীগ নেতা খালেক শ্যোন অ্যারেস্ট

0

 

স্টাফ রিপোর্টার ॥ কারবন্দী যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে এবার দলের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকাধীন হোটেল দ্যা জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ, লুট ও হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেনের আবেদনের প্রেক্ষিতে সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া গ্রেফতার দেখানোর বিষয়টি মঞ্জুর করেন।
গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে ওইদিন বিকেলে শহরের চিত্রা মোড়ে অবস্থিত জাবির হোটেলে হামলা, ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ সময় সেখানে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়। পরে এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের চাচাতো ভাই ও সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা ও লুটের অভিযোগ এনে অজ্ঞাতনামা ২শ’ জনকে আসামি করে গত ১৮ আগস্ট কোতয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হলো জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে।
গত ১২ নভেম্বর রাতে শহরের পোস্ট অফিস পাড়ার বাড়ি থেকে আব্দুল খালেককে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জেলা বিএনপি’র অফিস ভাঙচুর ও পোড়ানোর মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরপর চৌগাছা থানার একটি পেন্ডিং মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই দুই মামলায় আব্দুল খালেক আদালত থেকে জামিন পেয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। তবে জাবির হোটেল ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখানোর কারণে তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।