শালিখায় স্কুলে না গিয়ে ১৩ বছর ধরে অবৈধ ভাবে বেতন তুলছেন সহকারি শিক্ষক শিশির সরকার

0

মাগুরা (শালিখা) সংবাদদাতা ।। মাগুরার শালিখায় স্কুলে না গিয়ে ১৩ বছর ধরে অবৈধ ভাবে বেতন তুলছেন সহকারি শিক্ষক শিশির সরকার।

উপজেলার অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের পি,এ শিশির সরকার। শিশির সরকারের বাড়ি মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে৷

স্থানীয়রা জানান, উপজেলার বরয়চারা গ্রামে অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে ২০১১ সালে যোগ দেন শিশির সরকার।২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এক দিনের জন্যও শিক্ষক হিসেবে স্কুলে যাননি তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় তিনি ক্ষমতার দাপট দেখিয়ে শুধু মাস শেষে পুরো মাসের স্বাক্ষর করে স্কুলের প্রাতিষ্ঠানিক বেতন এবং ব্যাংক থেকে বেতনের সরকারি অংশ তুলে নেন।

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা মমতা শিকদার এর কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সহকারি শিক্ষক শিশির সরকারের বিষয়টা অস্বীকার করার কোনো সুযোগ নেই।শিশির সরকার বিরেন শিকদারের পি,এ থাকায় স্কুলে আনার মত এত ক্ষমতা আমার ছিলো না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম বলেন,বিষয়টি আমি জেনেছি কিন্তু ওই স্কুল থেকে আমাকে জানানো হয়নি, এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে ম্যানেজিং কমিটির নিতে হবে। আমার কিছু করার নেই।

এ বিষয়ে শিশির সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বার বার কল দিলেও ফোন রিসিভ করেনি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন,অভায়াচরন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির সরকার নামের যে ব্যাক্তি নিয়োগ পাওয়া শর্তেও ক্লাস না নিয়ে দীর্ঘ ১৩ বছর অবৈধভাবে বেতন তুলেছেন এটা অবশ্যই নেককার জনক। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।