শালিখায় অসহায় মিরার বাড়িতে ঈদ উপহার নিয়ে হাজির হলেন পুলিশ সুপার

0

 

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ অভাবের কারণে ঈদে সন্তানদের জামা কাপড় কিনে দিতে না পেরে আত্মহত্যা চেষ্টকারী মিরা খাতুনের(৩০) বাড়িতে হাজির হন মাগুরা জেলা পুলিশ সুপার। তিনি মিরারর পরিবারের সদস্যদের জন্যে ঈদ উপহার ও ফুলের তোড়া নিয়ে যান। মাগুরার শালিখায় অসহায় ও হত-দরিদ্র মিরা খাতুনের বাবার বাড়িতে গতকাল শুক্রবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।
এ সময় মাগুরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, আড়পাড়া বিট পুলিশিং অফিসার এস আই দেবব্রত সরকারসহ পুলিশ অফিসাররা।
গত সোমবার পারিবারিক আর্থিক অনটনের কারণে নিজ সন্তানদের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন জামা-কাপড় কিনে দিতে না পারায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন মিরা খাতুন। পরে অসুস্থ অবস্থায় তাকে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শালিখা থানা পুলিশের সহযোগিতায় শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।
মিরা খাতুন শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের কাদিড়পাড়া গ্রামের নুর ইসলামের স্ত্রী ও উপজেলার আড়পাড়া ইউনিয়নের আটিরভিটা গ্রামের ওহাব মোল্লার মেয়ে। ৩ মেয়ে, ১ ছেলেসহ পরিবারের মোট সদস্য ৬ জন।
মিরার বিষয়টি মাগুরা জেলার পুলিশ সুপার জহিরুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে জন্য ফুলের তোড়া ও ঈদ উপহার নিয়ে ছুটে যান তার বাড়িতে। একই সময় সমাজের বিত্তবানদেরকে মিরা ও এমন অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যে উদাত্ত আহ্বান জানান।