যশোরে রাজপথে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল : আওয়ামী লীগের যেকোনো নাশকতা প্রতিহতের হুঁশিয়ারি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরে রাজপথে সরব যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মঙ্গলবার বিকেলে তিন সংগঠনের যৌথ প্রতিবাদ মিছিলে শহরের রাজপথ উত্তাল হয়ে ওঠে। শহরের চারখাম্বা মোড় থেকে তিন সংগঠনের শীর্ষ নেতার নেতৃত্বে মিছিল টি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশে মাত্র আট মাসের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুন করে গড়ার জন্য নিরালস পরিশ্রম করছেন। ঠিক তখনই পাশর্বর্তী দেশে আত্মগোপনে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা জনগণের লোপাটকৃত অবৈধ অর্থ সন্ত্রাসী গোষ্ঠীর কাছে পাঠিয়ে শান্তি শৃঙ্খলা নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

এমনি ভাবে রোববার রাতে যশোরের জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। শহরের মাইকপট্টি এলাকায়ও পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির লক্ষ্যে মিছিল করে। এভাবে সন্ত্রাসীরা দেশে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির পায়তার করছে। গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া হাসিনার আওয়ামী লীগকে জনগণ আর কোন দিন ঘুরে দাঁড়াতে দেবে না। আওয়ামী লীগ দেখা মাত্রই প্রতিরোধ করার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান প্রমুখ।