মহেশপুর সীমান্তের ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ (মহেশপুর) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরের চাপাতলা সীমান্ত এলাকার মাঠের একটি ধানক্ষেতের আইল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। ধানক্ষেতের আইলে পড়ে থাকা ওই নারীর পরনে বোরকা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ বিল্লাল হোসেন বলেন, মহেশপুরের সীমান্তবর্তী চাপাতলা এলাকার মাঠে দুপুর দেড়টার দিকে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে মরদেহ উদ্ধারসহ অন্যান্য কাজ করছে পুলিশ।