শার্শায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা

0
ছবি: সংগৃহীত।

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে এক শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও বিভিন্ন ধরনের অনলাইন পোর্টালে অসত্য, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ মতাবস্থায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য যাচাই না করে শেয়ার বা কমেন্ট করা থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়ার আহব্বান জানান বক্তারা।

একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানের সঞ্চালনায় এ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, উপজেলা জামায়াতের নায়েবে আমির তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা থানার ওসি(তদন্ত) শাহ আলম, বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুল হাই, শার্শা পল্লী বিদ্যুতের ডিজিএম দেবাশীষ কুমার ভট্টাচার্য, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।