শার্শায় আহত নেতাকে দেখতে যাওয়া বিএনপির ৯ জনকে আটক করে ‘নাশকতা’ মামলা দিল পুলিশ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা থানা পুলিশ বিএনপির ২৮ জনকে আসামি আবারও নতুন একটি ‘নাশকতা’ মামলা দিয়েছে। আটক করা হয়েছে ৯জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০/৪৫ জনকে।
আটকদের স্বজনরা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহিরকে দেখতে গিয়ে তাঁর দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাড়ি থেকে বিএনপির ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে নতুন করে নাশকতা করতে হাসান জহিরের বাড়িতে একত্রিত হওয়ার গোপন সংবাদ পেয়ে সেখানে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। বাকি আসামিরা পালিয়ে গেছে। ঘটনাটি ঘটে দক্ষিণ বুরুজবাগান গ্রামে রোববার রাত সাড়ে ৮ টার দিকে।
আটক আসামিদের স্বজনরা জানান, গত শুক্রবার শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। খবর জেনে আটকরা বিএনপি নেতা হাসান জহিরকে দেখতে তার বাড়িতে যান। এ সময় তার বাড়িতে অবস্থানকালে পুলিশ আচমকা উপস্থিত হয়ে কোনো অভিযোগ ছাড়াই ৯ বিএনপি নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক নেতাকর্মীরা হলেন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নিজামপুর ইউনিয়ন বিএপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ মন্টু(৫৫), শার্শা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল অহেদ (৫৫), অলিয়ার রহমান (৬০), শার্শা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম (৫৫), সাধারণ সম্পাদক সুন্নত আলী (৫৩), শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন (৪৫), যুবদল কর্মী হাফিজুর রহমান হাফি (৪০), তরিকুল ইসলাম(৪০) ও রাসেল মাহমুদ (৩২)। এ ছাড়া নতুন নাশকতা এ মামলায় আরও আসামি করা হয়েছে ১৯ জনের নামে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৪০/৪৫ জন।
এ ব্যাপারে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির বলেন, গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে তিনি নাভারণ হাসপাতাল মোড়ে একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তাৎক্ষণিকভাবে তিনি নাভারণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। তিনি এখন দক্ষিণ বুরুজবাগানে তার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে শার্শা উপজেলার শ শ বিএনপি, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকাল থেকে রাত পর্যন্ত তাঁর বাড়িতে আসেন।
এমন খবরে রোববার রাত সাড়ে ৮ টার দিকে শার্শা থানা পুলিশ আচমকা তার বাড়িতে অভিযান চালিয়ে তার সামনে থেকে তাকে দেখতে আসা ৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে জানান তিনি । পুলিশের এমন ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে অবিলম্বে আটকদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশের নাভারণ সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান কে অবহিত করেন বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, নাশকতা করতে একত্রিত হওয়ার খবর পেয়ে শার্শা বিএনপি নেতা হাসান জহিরের বাড়িতে শনিবার রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক আসামি পালিয়ে যায়। তিনি বলেন ঘটনাস্থল থেকে একটি দামি মোটরসাইকেল, ৫ টি ককটেল, লোহার রড, বাঁশের লাঠি ও কিছু ইটের টুকরা জব্দ করা হয়েছে। তিনি বলেন সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।