শহীদ আব্দুল্লাহের কবর জিয়ারতকালে অনিন্দ্য ইসলাম অমিত : জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে

0

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)॥ বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত)সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১ হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২২ হাজার ছাত্র -জনতা।
তিনি বলেন, জুলাই- আগস্টের শহীদদের আত্মত্যাগের কারণে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।দেশ ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছে। দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাই এখন প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন।যে নির্বাচনে মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে সরকার গঠন করবে।
গতকাল সোমবার বিকেলে বেনাপোলের শহীদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এসে এসব কথা বলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, বিনা ভোটের এই ফাসিবাদী সরকারের বিরুদ্ধে দীঘ ১৬/১৭ বছর আন্দোলন- সংগ্রাম করে বিএনপির বহু নেতা- কর্মী খুন, গুম, অপহরণ হয়েছেন। তাই আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে তৃনমূল পর্যায়ের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জুলাই- আগস্টের সকল শহীদ ও আহতের পরিবারের পাশে থাকবে বিএনপি।
অনিন্দ্য ইসলাম অমিত স্থানীয় বিএনপি নেতা- কর্মীদের সাথে নিয়ে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে যান। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত করেন। এরপর তিনি আব্দুল্লাহর বাড়িতে যান। সেখানে তিনি শহীদ আব্দুল্লাহ’র পিতা আব্দুল জব্বার ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির,বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।