শরণখোলায় প্রধান শিক্ষকের বাড়িতে হামলা প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

 

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। জমি বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষের মহিদুল হাওলাদারের নেতৃত্বে ১৫-১৬ জন লোক দা, লাঠিসোটা নিয়ে ওই শিক্ষকের বাড়িতে চড়াও হয়। তারা সীমার পিলার তুলে ফেলে এবং বেড়া ভাঙচুর করে বাড়ির পূর্ব অংশের জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষোভ করেছে।
এসময় শিক্ষকের স্ত্রী ফারজানা ইয়াসমিন বাড়িতে একা ছিলেন। তিনি দখলে বাধা দিতে গেলে তাকে লাঞ্ছিত করে ওই দখলবাজরা। হামলার খবর পেয়ে প্রধান শিক্ষক নান্না মিয়া বিদ্যালয় থেকে বাড়িতে গেলে তাকেও মারধর করার জন্য তেড়ে যায় হামলাকারীরা। এঘটনায় শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।
এদিকে প্রধান শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর শুনে বিদ্যালয় ছুটির পর বিক্ষোভ করেছে কয়েক ‘শ ছাত্রছাত্রী। তারা স্থানীয় রাজাপুর বাজারে মিছিল করে ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।
এব্যাপারে প্রতিপক্ষের মহিদুল হাওলাদার জানান, তিনি শিক্ষকের বাড়ির মধ্যে জমি পাবেন। সেই জমি দেখতে গিয়েছিলেন। তারা কাউকে লাঞ্ছিত বা কোনো ভাঙচুর করেননি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, এঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্তে বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।