লোকালয়ে এসে ছাগল গিলল সুন্দরবনের বিশাল এক অজগর

0
ছবি: সংগৃহীত।

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় একটি ছাগল গিলে খাওয়ার চেষ্টা করেছে বিশাল আকৃতির একটি অজগর সাপ। মঙ্গলবার বিকেলে পূর্ব সুন্দরবনের ধানসাগর ফরেস্ট স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির নিকটবর্তী শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের বটতলা গ্রামে এ দৃশ্য দেখ যায়।

একটি ভিডিওতে দেখা যায়, ঝোপের মধ্যে বাঁধা কালো রঙের ছাগলটির পুরো শরীর পেঁচিয়ে মুখের দিক থেকে গিলে খাওয়ার চেষ্টা করছে বিশাল এক অজগর। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে শিকার ছেড়ে বনের মধ্যে চলে যায় অজগরটি।

স্থানীয়রা জানান, বটতলা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বিকেলের দিকে তার বকরি ছাগলটি বাড়ির পাশের ভোলা নদীর তীরবর্তী ঝোপের আড়ালে ঘাস খাওয়ার জন্যে বেঁধে রাখেন। সন্ধ্যার কিছু আগে হঠাৎ ছাগলটির অস্বাভাবিক ডাক শুনে তিনি দ্রুত ছুটে যান সেখানে। গিয়ে দেখতে পান বিশাল এক অজগর সাপ ছাগলটির শরীর পেঁচিয়ে ধরেছে। এবং মাথার দিক থেকে প্রায় অর্ধেক পরিমাণ গিলে খেয়েছে। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে রফিকুল ইসলাম চিৎকার করে ডাকতে থাকেন আশপাশের লোকজনকে।

এ সময় গ্রামের লোকেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রত্যক্ষ করেন দৃশ্যটি। লোকসজন দেখতে পেয়ে ভয়ে অজগারটি বনের ভেতর চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষায়, অজগরটি তখন ছাগলটির প্রায় অর্ধেক শরীর গিলে ফেলেছিল। মানুষের সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে সাপটি শিকার ছেড়ে দিয়ে আবার খাওয়ার চেষ্টা করে। তখন লোকজনের চিৎকারে ছাগলটি ছেড়ে ধীরগতিতে পাশের ভোলা নদী পার হয়ে সুন্দরবনের দিকে চলে যায় অজগরটি। এ সময় অনেকেই তাদের মোবাইল ফোনে দৃশ্যটির ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

ছাগলের মালিক রফিকুল ইসলাম বলেন, ছাগলের আর্তনাদ শুনে ছুটে যান সেখানে। ঘটনা দেখে ভয়ে চিৎকার করে লোকজন ডাকতে থাকেন। অনেক লোক জড়ো হওয়ার পর ছাগল ছেড়ে দিয়ে বনের দিকে চলে যায় অজগরটি। কিন্তু তখন ছাগলটি আর বেঁচে ছিল না। সুন্দরবনের পাশে বসবাস করলেও এমন ভয়ঙ্কর দৃশ্য আগে কখনও দেখেননি বলে জানান তিনি।

খবর পেয়ে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

কলমতেজী টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত বনরক্ষী মো. সুন্দর আলী বলেন, ঘটনাস্থল আমাদের অফিস থেকে খুব কাছাকাছি হওয়ায় লোকজনের কোলাহল শুনে আমরা দ্রুত যাই সেখানে। কিন্তু পৌঁছানোর আগেই অজগরটি ছাগল ছেড়ে বনের দিকে চলে যায়। আমরা গিয়ে ছাগলটিকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে সুন্দরবন থেকে অজগরটি ভোলা নদী পার হয়ে ছাগলের ওপর আক্রমণ করেছে।