লোকসমাজের ফটো সাংবাদিক হানিফ ডাকুয়ার ছেলে সন্ত্রাসী হামলায় আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে আহত হয়েছে দৈনিক লোকসমাজের প্রধান ফটো সাংবাদিক হানিফ ডাকুয়ার ছেলে আনোয়ার হোসেন ডাকুয়া (১৯)। তাকে ডেকে নিয়ে মারধর করে একটি হাত ভেঙে দিয়েছে তারা। এ ঘটনায় ২ জনকে আসামি করে বৃহস্পতিবার কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হানিফ ডাকুয়া।
অভিযুক্তরা হলো, বারান্দী মোল্লাপাড়ার মহিলা কাউন্সিলের বাড়ির পাশের রাব্বি (২২) ও সিটি কলেজ পাড়ার মাহিন (১৮)।
সাংবাদিক হানিফ ডাকুয়া জানিয়েছেন, উল্লিখিত কিশোর সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িত। এই সংক্রান্ত সংবাদ ও ছবি লোকসমাজে প্রকাশ হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয় তারা। তার ছেলে আনোয়ার হোসেন ডাকুয়া যশোর টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে আসমিরা তাকে খুন জখমের হুমকি দেয়। গত ৩১ মে বেলা সাড়ে ১১টার দিকে আসামি রাব্বি মোবাইল ফোন করে তার ছেলে বলে ‘এক বড় ভাই ডাকছে’। পরে আনোয়ার হোসেন ডাকুয়া নীলগঞ্জ সাহাপাড়ার কালভার্ট মসজিদের সামনে গেলে তারা তাকে মারধর করে। লোহার রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তার ছেলে হাত দিয়ে রক্ষার চেষ্টা করে। এর ফলে তার বাম হাত ভেঙে যায়। এরপর কিশোর সন্ত্রাসীরা তার ছেলেকে হুমকি দিয়ে বলে ‘এই ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রাণে শেষ করে দেওয়া হবে।’ পরে স্থানীয় লোকজনের সহায়তায় আনোয়ার হোসেন ডাকুয়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করে।