‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’: শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে আন্দোলনকারী শিক্ষার্থীরা

0
আজ বুধবার বিকেলে শিক্ষা ভবনের সামনে পুলিশের দেওয়া কাঁটাতারের ব্যারিকেডের মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।। ছবি: সংগৃহীত
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্রের ভুল ও মান নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীজুড়ে তীব্র আন্দোলন শুরু করেছেন।
আজ বুধবার পূর্বঘোষণা অনুযায়ী আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনকালে শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এর আগে বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, বেলা ২টা ৩৫ মিনিটের দিকে ৫০-১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে এসে ১৫-২০ মিনিটের মতো সড়ক আটকে রাখেন। পরবর্তীতে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে অগ্রসর হয়ে বেলা ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছান। সেখানে আগে থেকেই পুলিশ ব্যারিকেড দিয়ে রাখায় শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনেই অবস্থান নেন।

অন্যদিকে, দুপুরের পর থেকেই রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উত্তরার এই কর্মসূচিতে অংশ নিয়ে সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইকরা ইসলাম ইতি ও ক্যামব্রিয়ান কলেজের মো. মেহেদি হাসান জানান, শিক্ষার্থীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বৃষ্টি-জলাবদ্ধতায় পরীক্ষা ও পদার্থবিজ্ঞানের প্রশ্ন ভুলের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দিনভর ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। গতকাল রাত পৌনে ১০টার দিকে আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করলে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য গতকালই সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।