রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

0
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।। ছবি: সংগৃহীত
দেশের রাষ্ট্রপ্রধানের পদে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন ঘটেছে। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তাঁর পদত্যাগপত্র প্রাপ্তির পর আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত চিঠির মাধ্যমে ইস্তফা দিতে পারেন। সাংবিধানিক নিয়ম কার্যকর হওয়ায় ৫৪ অনুচ্ছেদ মেনে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

একই সঙ্গে সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের ভোটারদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতাসীন বিএনপি মনোনীত প্রার্থীর পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি নিশ্চিত হলেও বিএনপির শীর্ষপর্যায়ে এই উত্তরসূরি নিয়ে আলোচনা চলমান।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টায় চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড সফর শেষে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান স্পিকার। এর আগে ১৯ জুলাই যাওয়া সফরসূচি অনুযায়ী আগামী রবিবার ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুদিন আগেই তিনি দেশে নামেন।

বিমানবন্দরে সাংবাদিকরা রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, বিদেশ থাকায় চূড়ান্ত খবর তাঁর জানা ছিল না; তবে নিয়ম মেনে পদত্যাগপত্র পেলে সংসদ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিনের অবস্থান নিয়ে নানা আলোচনা-বিতর্ক ছিল। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর সেই আলোচনা চূড়ান্ত রূপ নেয়। ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য ২২তম রাষ্ট্রপতি পদে আসা মো. সাহাবুদ্দিন মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই ইস্তফা দিলেন।