রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

0
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৬ আগস্ট ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে এ সিদ্ধান্ত দেন। নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় ।। ছবি: সংগৃহীত

বাছাইকালে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মোট দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নির্বাচনী নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হয়।

এর আগে রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, যার মধ্যে একটি বৈধ ও অন্যটি বাতিল করা হয়।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১৮ আগস্ট। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে এ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে ভোটার কেবল জাতীয় সংসদের সদস্যরা এবং তাঁদের প্রকাশ্য ভোটের মাধ্যমেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।