রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

0
সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পদবির আগে 'মহামান্য' ও 'মাননীয়' বা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।। ছবি: সংগৃহীত

সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে সমস্ত দাপ্তরিক যোগাযোগ, অফিসিয়াল নথিপত্র এবং সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির আগে এতদিন ব্যবহৃত সম্মানসূচক শব্দ যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিদ্ধান্তটি বাস্তবায়নকল্পে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির পূর্বে এই জাতীয় কোনো সম্মানসূচক বিশেষণ লিখিতভাবে প্রয়োগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পরিপত্রে বিষয়টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে অভিহিত করে বলা হয়, সরকারের এই নতুন নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর করা হবে।