রামপালে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে আট বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার রাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন ভিকটিমের মা। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত সরদার সিরাজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে। সিরাজুল ইসলাম উপজেলার কুমলাই গ্রামের মৃত সামসুদ্দীন সরদারের ছেলে। গ্রেফতার সিরাজুলকে বৃহস্পতিবার বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে।
রামপাল থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তেলীখালী গ্রামের জনৈক ব্যক্তির ২য় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে তেলীখালী স্কুল থেকে বাড়িতে ফিরছিলো। গত ১০ জানুয়ারি বিকেল সোয়া ৪ টার দিকে ওই মেয়েকে আসামি সিরাজুল স্থানীয় ফয়সালের মাছের ঘেরে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের বাবা জানতে পেরে থানার শরণাপন্ন হন।
রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিধান চন্দ্র ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের ও তাৎক্ষণিক আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।