রামপালে যৌথ বাহিনীর অভিযান, নগদ টাকা ও হেরোইন-সহ আটক তিন

0

রামপাল, বাগেরহাট সংবাদদাতা ॥ রামপালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, নগদ টাকা এবং মাদক বিক্রির সরঞ্জামসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (১৯ জুলাই) সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল উপজেলার আধাঘাট এলাকায় ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির রামপাল আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর ইমরুল কায়েসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন গৌরম্ভা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হাসানুর রহমান ও তার দল। আদাঘাট গ্রামে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে ধরা হয়।

আটকৃতারা হলেন, বায়েজীদ হাসান রাব্বি (২২), আদাঘাট গ্রামের আশিকুজ্জামান, রবিউল ইসলাম রাজু (৩৪), মোরসালিন শেখ (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের তথ্যের ভিত্তিতে তাদের বাড়ি তল্লাশি করে ২২ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ৭ লক্ষ ১০ হাজার টাকা)। নগদ ১ লক্ষ ৯৯ হাজার ৩৩০ টাকা। ৪টি অ্যান্ড্রয়েড ফোন সেট ও ১টি বাটন ফোন সেট। ১টি হেরোইন মাপার ওয়েট মেশিন। ১টি ইয়ামাহা মোটরসাইকেল। ১ হাজার জাল টাকার নোট।  ১টি ব্লাঙ্ক চেক-সহ একজোড়া কানের দুল (হেরোইন বিক্রির বিনিময়ে রাখা হয়েছিল)। আটককৃতদের মালামালসহ রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরম্ভা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সাথে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি এবং এ.এস.আই আবজাল হোসেনসহ অন্যান্য ফোর্স অভিযানে অংশ নেন। রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

মাদক কারবারিদের আটকের ঘটনায় এলাকার মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এখনো অনেক মাদক কারবারি ধরাছোঁয়ার বাইরে রয়েছে।