রামপালে যুবকের মৃত্যু নিয়ে গুঞ্জন, তদন্তের দাবি

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে কোহিনূর কুদরতি (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে নানা অভিযোগ উঠেছে। স্থানীয়রা তদন্তের দাবি করেছেন।
জানা গেছে, উপজেলার ইসলামাবাদ গ্রামের রউফ কুদরতির ছেলে কোহিনূর কুদরতির সাথে তার বোন শিউলির গত বৃহস্পতিবার জমি নিয়ে ঝগড়া বাধে। ওই সময় তার বড় ভাই সাবেক ইউপি সদস্য রেজাউল কুদরতি ও তার বোন শিউলি তাকে মারধর করেন। এতে কোহিনূর অসুস্থ হয়ে পড়েন। ওই দিন সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তার আত্মীয়রা পরে সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সোমবার তিনি মারা যান।
স্থানীয় বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু জানান, তার আগে থেকে হার্টের সমস্যা ছিল। মৃতের শ্যালক জানান, তার ভগ্নিপতি কোহিনূর কুদরতির ২০২১ সালে হার্ট অ্যাটাক করে। তখন থেকে তিনি অসুস্থ। কারো আঘাতে তার মৃত্যু হয়নি বলে জানান। এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রেজাউল কুদরতি জানান, বোন শিউলির সাথে সকালে ঝগড়া হয়েছে। আমার সাথে নয়। আমাদের বিরুদ্ধে লোকজন অহেতুক অভিযোগ করছে।
এ ব্যাপারে রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। তারা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছে বলে কাগজপত্র দেখিয়েছেন। এরপরেও কেউ কোনো অভিযোগ করেনি। মৌখিক অভিযোগের পরেও তদন্ত চলছে। পরবর্তীতে কোনো অসংগতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।