রামপালে মন্দিরসহ জমি দখলের অভিযোগ স্থানীয় ভীম মন্ডলের বিরুদ্ধে

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে মন্দিরসহ ব্যক্তি মালিকানার জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন নব্বই বছরের বৃদ্ধ বিল্ব রঞ্জন মন্ডল। রোববার বিকেলে প্রেসক্লাব রামপালের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভাগা বেতকাটা গ্রামের মৃত যোগেশ্বর মন্ডলের ছেলে বিল্ব রঞ্জন মন্ডল বলেন, তার কোন ছেলে সন্তান নেই। তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন। তারা শ্বশুর বাড়িতে থাকেন। তিনিও অসুস্থতাজনিত কারণে বাগেরহাটে থাকেন। তার রামপাল থানার ৭১ নং বেতকাটা মৌজার বিআরএস ১৬৩ নং খতিয়ানে ২১৬ দাগে ৪৩ শতাংশ জমির মধ্যে ২১.৫০ শতাংশ জমিতে দুইটি মন্দির রয়েছে। গত ১৫/১৬ বছর আগে এলাকার হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা করার জন্যে মন্দির দুটি নির্মাণ করা হয়। কিছুদিন মন্দিরে পূজা অর্চনা করার পর বিল্ব রঞ্জন অসুস্থ হন। পরে তিনি বাগেরহাট গিয়ে মেয়ের কাছে থাকেন। এমন অবস্থায় তার গ্রামের প্রতিবেশী ভীম মন্ডল ও তার ছেলে উত্তম মন্ডল আওয়ামী লীগের কতিপয় লোকজন নিয়ে জমি ও মন্দির দখলের চেষ্টার অংশ হিসেবে জমি ঘিরে রাখেন। ভীম মন্ডলকে জমি দেওয়া হয়েছে। সে জমির দলিলে চিহ্নিত সব কিছু উল্লেখ আছে। তারপরও ভীমের বাড়ির সামনের জমি মূল্যবান হওয়ায় তিনি ওই জমি দখলের পাঁয়তারা করছেন। জমি নিয়ে বাগেরহাটের আদালতে (রামপাল) মিস ১০০৩/২১ নং একটি মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ অমান্য করে তারা জমির দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন। জমি রামপাল থানায় তৎকালীন ওসি সোমেন দাসের মাধ্যমে শালিস বৈঠকে সমাধান করে দেওয়া হলেও তারা মন্দিরসহ জায়গা ছাড়েননি। উল্টো বৃদ্ধ বিল্ব রঞ্জনসহ তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছেন। তিনি জায়গাটি দখলমুক্ত করে দেবত্ব ঘোষণা করে জমিটি দান করতে চান।

এ বিষয়ে প্রতিপক্ষ উত্তম মন্ডলের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ওখানে দুটি ঘর আছে। আমরা ঘরসহ জমি কিনেছি। আমাদের বিরুদ্ধে মামলার পর মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। জমির সকল কাগজপত্র আমাদের আছে। তবে তিনি মন্দির দখলের বিষয়টি অস্বীকার করেন।