রামপালে বিষ দিয়ে মাছ লুট

0

রামপাল (বাগেরহাট)সংবাদদাতা॥ রামপালে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কাষ্টবাড়িয়ার মো. মনিরুজ্জামান ফকির তার নিজ এলাকায় বাড়ির পুকুরসহ ৩ টি মৎস্যখামার করে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। তার বাড়ির সামনে দুইটি পুকুর ও জাকিরের বাড়ির সামনে ১৫ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে তার। ওই ঘেরে মানিকনগর গ্রামের চিহ্নিত চোর তানভীর শেখ, ইসলাম শেখ, তারিকুল শেখ, ছেঁকেন শেখসহ অজ্ঞাত ৪/৫ জন চোর গত ইংরেজি ২৮ মার্চ বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১১ টায় বিষ প্রয়োগ করেন। এরপর তারা মাছ ধরে বস্তায় ভরতে থাকা অবস্থায় মনিরুজ্জামান ফকির তাদের ধরে ফেলেন। ধস্তাধস্তির একপর্যায়ে মনিরুজ্জামানকে ছেড়ে দিয়ে চোরেরা মাছ নিয়ে চম্পট দেয়।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলার জন্যে তাদের বাড়িতে গেলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি। যেকারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শুরু করেছি। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।