রাইস কুকারের বিদ্যুতায়িত পানিতে মেয়ের মৃত্যু, মা আহত

0
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ।। সাতক্ষীরার তালায় বিদ্যুৎসস্পৃষ্টে প্রাণ গেলো এক বছর বয়ষী শিশু জয়নব খাতুনের। সে উপজেলার  বারুইহাটি গ্রামের জুয়েল মোড়লের কন্যা। এ সময় গুরুতর আহত হয়েছেন জুয়েল মোড়লের স্ত্রী জান্নাতুল খাতুন। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাসহ শিশু জয়নব।
জুয়েল মোড়ল জানান, দুপুরে সাড়ে ১২ টার দিকে রাইস কুকারে পানি গরম করছিলেন স্ত্রী জান্নাতুল। এক পর্যায়ে তিনি মেয়ে জয়নাবকে কোলে নিয়ে রাইস কুকারের ওই পানি কত টুকু গরম হয়েছে হাত দিয়ে বুঝতে যান। এসময় বিদ্যুতায়িত ওই পানিতে স্পৃষ্ট হন দু’জনেই। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে শিশুকন্যাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জান্নাতুল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসাক রায়হান ইসলাম শিশুকন্যা জয়নাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জুয়েল মোড়লের স্ত্রী এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। এদিকে বিদ্যুৎসস্পৃষ্টে মা-মেয়ে হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।