রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দিন

0
রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন রক্তপাতমুক্ত ও সহিংসতামুক্ত করাই কমিশনের প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (এএনএফআরইএল) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন এখন বিরাট চ্যালেঞ্জ। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ভালো হবে।” তিনি স্বীকার করেন, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা গেলেও স্থানীয় পর্যায়ের নির্বাচনে সহিংসতার ঝুঁকি বাড়তি চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে।

সরকারের ভূমিকা প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন বলেন, “বর্তমান সরকার জনগণের সরকার। সরকার দেশের মঙ্গল চাইবে — আমাদের বিশ্বাস, তারা সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে।”

সংবাদ সম্মেলনে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, কোনো নির্বাচনই নিখুঁত হয় না। তবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের তুলনায় সাম্প্রতিক নির্বাচন তাৎপর্যপূর্ণ ছিল। তিনি এটিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে উল্লেখ করে বলেন, ভোটাররা তাদের ভোট দিতে পেরেছেন এবং বাংলাদেশে গণতন্ত্র উন্নত হচ্ছে।