যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, স্বামীর কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুকের দাবিতে স্ত্রী ভারতী রানী দাসকে মারধরের দায়ে প্রদীপ দাস নামে এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরীন এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ দাস মনিরামপুর উপজেলার হাজের আলী গ্রামের নারায়ণ দাসের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের অধীর দাসের মেয়ে ভারতী রানী দাসের সাথে আসামি প্রদীপ দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে প্রদীপ তার স্ত্রীকে মারধর করতেন। বাধ্য হয়ে ভারতীর পিতা জামাইকে ৫০ হাজার টাকা দেন। তারপরও বাকী দেড় লাখ টাকার জন্য প্রদীপ স্ত্রীকে মারধর করতেন। সর্বশেষ ২০১৮ সালের ১৫ মার্চ প্রদীপ মারধর করে ভারতীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় একই বছরের ২৩ মে ভারতী আদালতে একটি মামলা করেন। এই মামলায় প্রদীপ দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।