যুদ্ধের মধ্যে টয়লেট নিয়ে নাজেহাল দশা মার্কিন রণতরিতে

0
রণক্ষেত্রে মার্কিন সেনাদের অদ্ভুত সংকট! ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরিতে টয়লেট বিড়ম্বনায় অতিষ্ঠ ৫ হাজার নাবিক।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অদ্ভুত এক সংকটে পড়েছে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। যুদ্ধকৌশলের চেয়ে জাহাজটির ত্রুটিপূর্ণ পয়োনিষ্কাশন ব্যবস্থা এখন নাবিকদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এনপিআর ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, প্রায় পাঁচ হাজার আরোহীর এই বিশালাকার জাহাজে সচল টয়লেটের সংখ্যা এতটাই নগণ্য যে, একেকজন নাবিককে শৌচাগার ব্যবহারের জন্য ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

অত্যাধুনিক এই রণতরির ভ্যাকুয়াম সিস্টেমটি অত্যন্ত জটিল হওয়ায় সাগরে থাকা অবস্থায় এটি মেরামত করা সম্ভব হচ্ছে না। প্রকৌশলীদের প্রতিদিন গড়ে একবার করে এই সমস্যা সমাধানে কাজ করতে হচ্ছে। গত জুন মাস থেকে টানা সাগরে অবস্থান এবং কয়েক দফায় মিশনের মেয়াদ বাড়ানোর ফলে নাবিকদের মনোবল তলানিতে ঠেকেছে। জাহাজের ৬৫০টি শৌচাগারের এই বেহাল দশা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টয়লেট যুদ্ধ’ নামে হাসির খোরাক জোগাচ্ছে। যদিও মার্কিন নৌবাহিনী দাবি করেছে, এই সমস্যায় তাদের যুদ্ধ সক্ষমতায় কোনো প্রভাব পড়বে না, তবে দীর্ঘমেয়াদী মিশনের ক্লান্তি আর ব্যক্তিগত প্রয়োজনের এই সংকট সেনাদের ক্ষুব্ধ করে তুলছে।