যুক্তরাষ্ট্রের জবাব দেবে রাশিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ ন্যাটোভুক্ত প্রতিটি দেশ এবং মিত্রের প্রতি ইঞ্চি জায়গার নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন এমন মন্তব্যের উত্তর দেয়ার কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ইস্যুতে এখনও উত্তেজনা চরম অবস্থায় রয়েছে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, অবিলম্বে আগ্রাসন চালানোর দিকে অগ্রসর হচ্ছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ শেষ করেছে বৃটেন। প্রয়োজন অনুযায়ী যত দ্রুত সম্ভব রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের নিরাপত্তার জন্যই ন্যাটোর সদস্যপদ প্রয়োজন। এসব খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, ইউক্রেন সীমান্তে ব্যাপক হারে সেনা সমাবেশ ঘটাচ্ছে রাশিয়া। এ নিয়ে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
এমন অবস্থায় ইউরোপের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের জবাব দিতে চেয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। উল্লেখ্য, রাশিয়ার দাবি ওয়াশিংটন ও ন্যাটোকে নিশ্চয়তা দিতে হবে যে, ইউক্রেনকে কখনোই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে দেয়া হবে না। একই সঙ্গে পূর্ব ইউরোপে সব সামরিক কর্মকা- বন্ধ করতে হবে ন্যাটোর। কিন্তু তাদের এসব দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। এসব বাদে নিরাপত্তার অন্য ইস্যুতে ঐকমত খোঁজার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় বৃটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি বলেছেন, তার সেনারা ইউক্রেনের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ শেষ করেছে। ইউক্রেনে বৃটিশ যেসব সেনা সদস্য আছে, তারা রাষ্ট্রদূতকে সুরক্ষা দেবে। ইউরোপিয়ান ইউনিয়ন ও আফ্রিকান নেতাদের সঙ্গে এক সামিটে উপস্থিত হয়ে ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিক জোসেফ বোরেল বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা করে, তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্যাকেজ দিতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়ন। প্রয়োজন অনুযায়ী এই প্যাকেজ উপস্থাপনে প্রস্তুত আমি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তার দেশকে ন্যাটোর একটি সদস্য হিসেবে দেখতে চান বলে বক্তব্য রেখেছেন। বলেছেন, তার দেশের নিরাপত্তা গ্যারান্টি হিসেবে এই সদস্যপদ প্রয়োজন। এই জোটে যোগ দেয়া তার কাছে উচ্চাকাঙ্খার চেয়েও বেশি কিছু। তিনি বলেছেন, আমরা ১৫ হাজার মানুষকে হারিয়েছি। এটা কোনো উচ্চাকাঙ্খা নয়। এটা আমাদের জীবন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রাশিয়ার সঙ্গে উত্তেজনা তুঙ্গে থাকা সত্ত্বেও ন্যাটো মিত্রদের প্রতি ইঞ্চি জায়গা সুরক্ষিত রাখার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন।