যশোর ২৫০ শয্যা হাসপাতাল আইসিইউ পরিচালনার দায়িত্ব বুঝে নিল কর্তৃপক্ষ

0

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারি স্বাস্থ্যসংস্থা সাজেদা ফাউন্ডেশন চলে যাওয়ার পর সরকারি ব্যবস্থাপনায় আইসিইউ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে যশোর ২৫০ শয্যা হাসপাতাল। গত শনিবার থেকে হাসপাতাল। কর্তৃপক্ষ সাজেদা ফাউন্ডেশনের অনুকরণে আইসিইউ পরিচালনা করছে। তবে যেখানে জনবলের অভাব রয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছেন, ১১টি বেডবিশিষ্ট আইসিইউ-এর সাথে রয়েছে এইচডিইউ। সেখানেও রয়েছে ১১টি বেড। করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগী আইসিইউ বিভাগে উন্নত চিকিৎসা দেয়া হয়ে থাকে। ১০ জন চিকিৎসক ২১ জন সেবিকা ও ৩ জন ক্লিনার নিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে যশোর ২৫০ শয্যা হাসপাতাল। গত শনিবার দায়িত্ব গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এর আগে আইসিইউ পরিচালনা করে আসছিল বেসরকারি স্বাস্থ্য সংস্থা “সাজেদা ফাউন্ডেশন” যশোরে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করেছিল এবং মৃত্যুর সংস্থা দ্রুতগতিতে বেড়ে যাচ্ছিল। মানব কল্যাণে নিয়োজিত বেসরকারি সংস্থা “সাজেদা ফাউন্ডেশন” তাদের চিকিৎসা উপকরণ ও ৭৬ জন জনবল নিয়ে যশোরে আসে। গত ১৬ জুন যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা-সেবা দেয়া শুরু করে। ৪ মাস পর গত শনিবার সংস্থাটি যশোরে চিকিৎসা-সেবা কার্যক্রম শেষ করে। একই সাথে প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামাদি হাসপাতালকে দিয়ে যায়। তাদের সাথে থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক, সেবিকাগণও অভিজ্ঞতা সঞ্চয় করে। সাজেদা ফাউন্ডেশন তাদের কার্যক্রমের সমাপ্তি টানলে সেখান থেকে ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব জনবল নিয়ে সরকারি ব্যবস্থাপনায় আইসিইউ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সাজেদা ফাউন্ডেশনের অনুকরণে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিচ্ছে। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাজেদা ফাউন্ডেশন চলে গেছে। তাদের বহরে ছিল বিশাল জনবল। সে তুলনায় আমাদের জনবল সংকট আছে। বেসরকারিভাবে লোক নেয়া হবে। রোগীদের টিকিট ও দাতা ব্যক্তিদের আর্থিক সাহায্য নিয়ে আইসিইউ পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে। বেসরকারি জনবল নিতে হলে তাদের পেছনে প্রতি মাসে ৫০ হাজার টাকা ব্যয় হবে।