যশোরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪, কাভার্ডভ্যানে আগুন

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৫), তার ছেলে সৌভিক সাহা (৫), ভ্যানচালক আনোয়ার হোসেন (৬০) ও আইয়ুব হোসেন (৪৩)। আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান রূপদিয়ায় একটি ইজিবাইককে চাপা দেয়। পরে সেটি আরেকটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক আরোহী বৃষ্টি সাহা ও আইয়ুব হোসেন নিহত হন।

আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম ভ্যানচালক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র সৌভিক সাহার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক ডা. তন্ময়।

আহত সাজ্জাদ হোসেন হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সৌভিকের কাকা মিঠুন সাহা জানান, বিদ্যালয় থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে বৃষ্টি সাহা এ দুর্ঘটনার শিকার হন।

ছবি: সংগৃহীত।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মাসুম খান। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।