যশোর শিল্পকলার পিঠা ও লোকসংস্কৃতি উৎসব শুরু

0

স্টাফ রিপোর্টার॥ পিঠার নাম শুনলেই জিভে পানি আসে না’ এমন মানুষ পাওয়া যাবে না। বিশেষ করে শীতে পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আবহমান গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী নানান পদের পিঠা স্থান পেয়েছে যশোর শিল্পকলা একাডেমি চত্বরের পিঠা উৎসবে।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসব। জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার হায়দার আলী, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, যুগ্ম-সম্পাদক চঞ্চল সরকার, অনুপম দাস, সদস্য শহীদুল হক বাদল, আতিকুজ্জামান রনি, অ্যাড. বাসুদেব বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন -অর- রশিদ প্রমুখ।
উদ্বোধনের পর জেলা প্রশাসক উপস্থিত অতিথিদের সাথে উৎসবে অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন। পিঠা উৎসবে ১৬টি স্টল রয়েছে। স্টলগুলোতে রসের পিঠা, পাকান পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, গোলাপ পিঠা, পাটিসাপটা পিঠা, ভাপা কুলি পিঠা, ভাজা কুলি পিঠা,সরু পিঠাসহ আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান প্রকার পিঠা স্থান পেয়েছে। রয়েছে খেজুরের রস, গুড় ও পাটালি।
উৎসবের প্রথম দিনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এছাড়া যশোরের বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আজ সোমবার দ্বিতীয় দিনে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আগামীকাল মঙ্গলবার শেষ দিনে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। উৎসব চলবে প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।