যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবি : শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে এমএম কলেজে বিক্ষোভ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের বিরুদ্ধে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের জাহিদ হাসান সিজান নামের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার কলেজের সাধারন শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষা বোর্ড কর্মকর্তার উপযুক্ত বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে সংহতি জানিয়ে জেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।

পরে কলেজের সাধারন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুহাম্মদ আবদুস ছালামের কাছে স্মারক লিপি প্রদান করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদ হাসান সিজান বলেন, রোববার সকালে সার্টিফিকেটে বাবা-মায়ের নাম সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের কক্ষে যাই। এ সময় আমার গলায় হেডফোন দেখে তিনি গালিগালাজ ও মুখে চড়-থাপ্পড় মারেন। আমাকে কেন মারধর করা হলো, আমার অপরাধ কী? তা বুঝতে পারছি না। আমার কোনো গুরুতর অপরাধ হয়ে থাকলে পুলিশে দিতে পারতেন। এ ঘটনার জন্য আমি সচিবের পদত্যাগ দাবি করছি।

ছবি: লোকসমাজ।

বিক্ষোভে সংহতি জানিয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, ‘একজন সরকারি পদস্থ কর্মকর্তা কেন একজন শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করবেন? তা আমরা জানতে চাই। একটি ঠুনকো বিষয়কে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দ্রুত শিক্ষা বোর্ডের সচিবকে অপসারণের দাবি জানাচ্ছি। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

বিক্ষোভ মিছিল টি কলেজে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সহসভাপতি টিটোন তরফদারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এদিকে বোর্ড চেয়ারম্যান স্মারক লিপি প্রদানের বিষয় টি নিশ্চিত করে বলেন, আমরা বোর্ডের কর্মকর্তারা বিষয়টি নিয়ে বসবো। সেখানে যে সিদ্ধান্ত হয় সেটি বাস্তবায়ন করবো।