যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান , শিক্ষা প্রশাসনে বড় রদবদল

বর্তমান চেয়ারম্যান মোসাম্মৎ আসমা বেগমকে সরকারি তিতুমীর কলেজে বদলি করা হয়েছে

0
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। বর্তমানে তিনি খুলনার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৭ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রেষণে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে যশোর শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান মোসাম্মৎ আসমা বেগমকে সরকারি তিতুমীর কলেজে বদলি করা হয়েছে। শিক্ষা প্রশাসনে চলমান পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই পদায়ন ও বদলি কার্যকর করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম

অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কৃতি সন্তান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনের দীর্ঘ সময় তিনি সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষা প্রশাসন ও একাডেমিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ এই শিক্ষাবিদকে এবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও এনসিটিবিতে নতুন নিয়োগ
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা একাধিক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামান। এ বোর্ডের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরকে ঢাকা কলেজে বদলি করা হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মিঞা নুরুল হককে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব শামীম আরা চৌধুরীকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং কুমিল্লার দেবীদ্বার এস এ সরকারি কলেজের অধ্যাপক মো. আহসান পারভেজকে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পৃথক আদেশে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলামকে রাজশাহী কলেজে বদলি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই পদায়ন ও বদলির মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং এনসিটিবির শীর্ষ প্রশাসনিক পদে নতুন নেতৃত্ব এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে এই পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।